ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, দুই বছর পর মূলহোতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে ডিবি পুলিশ পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় সোয়া কোটি টাকার মালামাল লুটের ঘটনায় ভুয়া ডিবি চক্রের মূলহোতা সাজু মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বিজ্ঞাপন
গ্রেপ্তারের পর সোমবার (১৭ আগস্ট) তাকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
পিবিআই সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার কে.সি. দে রোড এলাকার শহীদ মিনারের আন্ডারগ্রাউন্ড থেকে ব্যবসায়ী পুলক দাশকে (৪৫) ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র। এ সময় তার কাছ থেকে স্বর্ণ বিক্রির নগদ ১৭ লাখ ৯০ হাজার ৫২০ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মোট প্রায় ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৬৫০ টাকা মূল্যের সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়।
অপহরণের পর পুলক দাশকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মুখ বাঁধা অবস্থায় তাকে একটি গাড়ি থেকে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
বিজ্ঞাপন
ঘটনার পর ওই বছরের ৮ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলাটির গুরুত্ব বিবেচনায় পরবর্তীতে আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার এস. এম. রফিকুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ধারাবাহিক অভিযান পরিচালনা করে ১৬ আগস্ট ভুয়া ডিবি চক্রের মূলহোতা সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে তিনি ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
মামলায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।








