Logo

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১০ অক্টোবর, ২০২৬, ১৭:১৮
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ছবি প্রতিনিধি।

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা ও মশা নিধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা বিচার বিভাগের উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দিনসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা অংশ নেন। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

সরকারের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশনার আলোকে এ উদ্যোগ নেওয়া হয়। এর মূল লক্ষ্য ছিল আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সচেতনতা বাড়ানো।

কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও আদালতের পরিচ্ছন্নতাকর্মীরা আদালত প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় জমে থাকা পানি ও মশার বংশবিস্তারের উপযোগী স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় সামগ্রী সরিয়ে ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কর্মসূচি চলাকালে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ প্রতিপাদ্যে প্রচারিত লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

লিফলেটে বলা হয়, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, বালতি, পরিত্যক্ত টায়ার, ড্রাম, মাটির পাত্র, টিনের কৌটা, ডাবের খোসা, নারকেলের মালা ও বিভিন্ন ধরনের পাত্রে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই এসব পাত্র নিয়মিত পরিষ্কার করা, অপ্রয়োজনীয় বস্তু সরিয়ে ফেলা এবং বাড়ি, ছাদ, বারান্দা, বেজমেন্ট, সিঁড়ি ও আশপাশের কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন থাকতে বলা হয়।

এ ছাড়া নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি অপসারণ এবং বৃষ্টির পানি যাতে ছাদ বা অন্য কোনো স্থানে জমে না থাকে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মশার কামড় থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বানও জানানো হয়।

বিজ্ঞাপন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নির্দেশনা এবং সরকারের চলমান ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচি থেকে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ কর্মস্থল, বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। ডেঙ্গু প্রতিরোধে সাময়িক পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, দায়িত্বশীল আচরণ ও সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

নারায়ণগঞ্জ জেলা বিচার বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, সিটি করপোরেশনের প্রতিনিধি ও পরিচ্ছন্নতাকর্মীদের অংশগ্রহণ প্রাতিষ্ঠানিক পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার বার্তা তুলে ধরে।G

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD