চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনকে এমপির আহ্বান

চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবি। অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় না দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, নিজের দলের কেউ অন্যায় করলেও তাকে ধরে আইনের আওতায় আনতে হবে।
বিজ্ঞাপন
ফুলতলা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে এমপি আলী আজগর লবি বলেন, “আমাদের লোক যদি অন্যায় করে, তাকে ধরে নিয়ে আসেন, চালান দেন।” অপরাধ দমনে দলীয় পরিচয়কে গুরুত্ব না দিয়ে নিরপেক্ষভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন তিনি।
এমপি আরও বলেন, চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধী যে দলেরই হোক না কেন, তার কোনো ছাড় নেই। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ফুলতলা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচি রানী সাহা।
বিজ্ঞাপন
সভায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ, খানজাহান আলী থানার ওসি আবুল বাশার, ফুলতলা উপজেলা বিএনপির সভাপতি শেখ আবুল বাশার, দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শিবলু এবং আটরা-গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।
এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য সভায় উপস্থিত ছিলেন।








