লালন সাঁইয়ের মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৬ লাখ টাকা

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের দানবাক্স প্রথমবারের মতো প্রকাশ্যে খুলে অর্থ গণনা করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্সের তালা খুলে গণনা শুরু হয়। বেলা ১১টায় শুরু হওয়া এ কার্যক্রম চলে বিকেল পর্যন্ত। গণনা শেষে বাক্সে পাওয়া গেছে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা।
বিজ্ঞাপন
দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লালনভক্ত ও অনুসারীরা মাজারের ভেতরে রাখা দানবাক্সে এসব অর্থ দান করেন। দীর্ঘদিন ধরে ভক্তদের দেওয়া অর্থ এবার প্রকাশ্যে গণনা করায় বিষয়টি স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
প্রকাশ্যে দানবাক্স খোলা ও টাকা গণনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দানের অর্থ যথাযথভাবে ব্যবহার করার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় এক বাসিন্দা জানান, এইবার প্রথম বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের রক্ষিত দানবাক্স প্রকাশ্যে খোলা ও টাকা গণনা করা হয়েছে। আমরা চাই এই টাকা সঠিকভাবে আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবহার করা হোক।
বিজ্ঞাপন
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, এবারই প্রথম লালন অ্যাকাডেমির সিন্দুক প্রকাশ্যে খোলা এবং গণনা করা হয়েছে। এই গণনাকৃত টাকা লালন অ্যাকাডেমির ফান্ডে জমা হবে।
দানবাক্স খোলা ও অর্থ গণনার এ কার্যক্রমে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








