Logo

সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা

profile picture
জেলা প্রতিনিধি
রাঙ্গামাটি
১০ অক্টোবর, ২০২৬, ১৫:১৮
সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র তৎপরতা ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। রবিবার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পরও দাবি পূরণ না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠন দুটি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।

বিবৃতিতে সংগঠন দুটির নেতারা অভিযোগ করেন, জেএসএস সন্তু গ্রুপের নামে একটি সশস্ত্র গোষ্ঠী সাজেকে অবস্থান নিয়ে স্থানীয় বাসিন্দাদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। গত ৮ অক্টোবর অনুষ্ঠিত সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই গোষ্ঠীকে এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছিল। তবে প্রশাসন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাঁদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নেতারা বলেন, সাজেকের বাসিন্দাদের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে সাজেক ইউনিয়নসহ বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলার যানবাহন মালিক-শ্রমিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতাও চেয়েছেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, অবরোধ চলাকালে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মরদেহ বহনকারী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

বিবৃতিতে সংগঠন দুটির নেতারা আরও দাবি করেন, গত প্রায় দুই সপ্তাহ ধরে নিরাপত্তা বাহিনীর মদদে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র গোষ্ঠী সাজেকের ভুয়োছড়ি, চাইল্যাতলী ও মাচলং ক্যাম্পের আশপাশে অবস্থান করছে। ওই গোষ্ঠীর সদস্যরা স্থানীয় বাসিন্দাদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া গত ২৯ সেপ্টেম্বর ওই গোষ্ঠীর ছোড়া গুলিতে কস্মিতা ত্রিপুরা (৮) নামে এক শিশু আহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সাজেকে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সশস্ত্র গোষ্ঠীটিকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD