রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্ব পালন শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শকের ওপর হামলার ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপারের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনাপত্রে বলা হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় খুলনার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটায় তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
এ অবস্থায় বিশেষ অভিযান কিংবা অন্য কোনো দায়িত্ব পালনের সময় রাতে পুলিশ সদস্যরা যাতে কোনোভাবেই একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে ইউনিটপ্রধানদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অপরাধ ও অপস, ডিএসবি ও ট্রাফিক), সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস এবং কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও থানায় পাঠানো হয়েছে।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান পরিচালনা শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরই মূলত জেলা পুলিশের প্রতিটি সদস্যের নিরাপত্তা বিবেচনায় রাতের বেলায় একা চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে হামলার শিকার হন ৪৩ বছর বয়সী পুলিশ পরিদর্শক শাহ আলম। ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে তিনি গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।








