পুলিশ কর্মকর্তার বাড়িতে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি

চট্টগ্রামের মিরসরাইয়ে দরজা ভেঙে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন, কম্পিউটারসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহ জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে আলমারি ও নারীদের পরনে থাকা স্বর্ণালংকার লুট করে নেয়।
তিনি জানান, ডাকাতেরা ৫ ভরি ৮ আনা স্বর্ণালংকার, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সিসি ক্যামেরার মনিটর ডিভাইস, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউ, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। সব মিলিয়ে লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মতিন উল্লাহ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার জানান, রাত আড়াইটার দিকে ডাকাতির খবর পেয়ে ওসি ফরিদা ইয়াসমিনসহ তাঁরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।








