Logo

সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, বিজিবির পাল্টা ফায়ার

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১০ অক্টোবর, ২০২৬, ১৫:৪৩
সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, বিজিবির পাল্টা ফায়ার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাজুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তের বাংলাদেশ অংশে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাজুল হোসেন জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের শূন্যরেখার কাছে ঘাস কাটতে গেলে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের টহলদল তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে তাঁর কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ছররা গুলি লাগে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার পরপরই জামালপুর বিওপির বিজিবির নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তবর্তী স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবি পাল্টা ফায়ার করে। ঘটনার পর থেকে ওই এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, গুলিতে আহত বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

গুলিবিদ্ধ সাজুল হোসেনকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ হাসান তুহিন।

বিজ্ঞাপন

এদিকে, ঘটনার পর স্থানীয় লোকজন এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বলে দাবি উঠেছে। তবে বিজিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি যাচাই করে বিস্তারিত জানানো হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD