Logo

এক ঘণ্টা পর সাজেকে অবরোধ প্রত্যাহার, নতুন কর্মসূচি ঘোষণা

profile picture
জেলা প্রতিনিধি
রাঙ্গামাটি
১০ অক্টোবর, ২০২৬, ১৬:৩৭
এক ঘণ্টা পর সাজেকে অবরোধ প্রত্যাহার, নতুন কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে সড়ক অবরোধ শুরুর এক ঘণ্টার মধ্যেই কর্মসূচি প্রত্যাহার করেছে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। একই সঙ্গে নতুন করে অবরোধের সময়সূচি ঘোষণা করেছে সংগঠন দুটি। তাদের ঘোষণা অনুযায়ী, রবিবার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু হবে।

বিজ্ঞাপন

শনিবার (১০ অক্টোবর) দুপুরে সংগঠন দুটির নেতারা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুর ১২টা থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বেলা ১টার দিকে সেই কর্মসূচি প্রত্যাহার করা হয়।

জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংগঠন দুটি। সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ফেসবুক পেজে প্রকাশিত যৌথ বিবৃতিতে সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা অবরোধের ঘোষণা দেন।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমার পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘সাজেকে জেএসএসের সদস্যদের অবস্থান এবং সাধারণ মানুষকে হুমকি দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে সংগঠন দুটি দাবি করে, সাজেক থেকে জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরীহ মানুষের বাড়িঘরে তল্লাশির নামে হয়রানি করছে এবং বিশিষ্ট ব্যক্তিদের হুমকি দিচ্ছে। এসব অভিযোগ তুলে দাবি আদায়ের লক্ষ্যে রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।

তবে অবরোধের আওতার বাইরে থাকবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি এবং সংবাদকর্মীদের যানবাহন। একই সঙ্গে সাজেক পর্যটন সড়কে যান চলাচল বন্ধ রাখার জন্য পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের পাশাপাশি পর্যটক এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ইউপিডিএফের চাপে পড়ে অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে বলে দাবি করেছে জেএসএস।

জেএসএসের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমা ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘সাজেকে অবরোধের ডাক দিতে ইউপিডিএফ তাদের বাধ্য করেছে। সাধারণ মানুষকে কোনো ধরনের হুমকি জেএসএস দেয়নি। অযথা গায়ে পড়ে জেএসএস’র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সংগঠন দুটি। ইউপিডিএফ নিজেরা কিছু করতে না পেরে সাধারণ জনগণকে মাঠে নামিয়ে দিয়ে বিভ্রান্ত করছে।’

বিজ্ঞাপন

তবে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা এ অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটিকে কর্মসূচি দিতে বাধ্য করার অভিযোগ সত্য নয়। তবে সাধারণ মানুষের পক্ষে সংগঠন দুটি যে কর্মসূচি নিয়েছে, তার প্রতি ইউপিডিএফের সমর্থন থাকবে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক জানান, শনিবার সাজেক থেকে পর্যটকদের যাতায়াতের পরও রাতে সেখানে প্রায় দুই হাজার পর্যটক অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, অবরোধ প্রসঙ্গে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, শনিবার থেকে সড়ক অবরোধের কথা শুনেছিলাম। তবে তা আবার প্রত্যাহার করা হয়েছে। রোববার থেকে আবারও সড়ক অবরোধের বিষয়টিও শুনেছি। নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় পর্যটকরা প্রতিদিনের মতো সাজেকে যাওয়া আসা করবেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD