গাজীপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের পূবাইল এলাকায় এপিএস নীট কম্পোজিট কারখানায় তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাব-কন্ট্রাক্ট শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে কারখানার সামনে জড়ো হয়ে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা।
বিজ্ঞাপন
এ সময় দুই শ্রমিককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের লোকজনের বিরুদ্ধে। তবে শ্রমিকদের মারধরের অভিযোগ অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক বলেন, ‘বকেয়া বেতনের কথা বললে আমাকে আইডি কার্ড দেখাতে বলা হয়। কার্ড দেখানোর পর আমাকে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের কর্মস্থলেই যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কোথায় নিরাপত্তা পাব?’
তবে শ্রমিকদের মারধরের অভিযোগ অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ। তাদের দাবি, শ্রমিকরা কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গায়ে হাত দিয়েছেন। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানায় কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
গাজীপুর শিল্প পুলিশ বলেন, শ্রমিকদের অসন্তোষের বিষয়টি নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকদের দাবি তিন মাসের বকেয়া বেতন। তবে মালিক পক্ষ বলছে, শুধু জুলাই মাসের বেতন বকেয়া রয়েছে।
তিনি আরও বলেন, এসব শ্রমিক সাব-কন্ট্রাক্টের মাধ্যমে কারখানায় কাজ করছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এ বিষয়ে এপিএস গ্রুপের অ্যাডমিন ম্যানেজার হাসান আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।








