Logo

মেয়র প্রার্থী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
২৭ আগস্ট, ২০২৬, ১৩:২৪
মেয়র প্রার্থী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের মতি সাহেবের ঘাট এলাকায় পৌর নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল হাজী আব্দুস সাত্তারকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য সাংবাদিকদের মাধ্যমে প্রচার করে তাঁর সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।

বক্তারা বলেন, আব্দুস সাত্তার সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, পৌর এলাকার মালশাপাড়া মাদ্রাসা ও কবরস্থানের সাধারণ সম্পাদক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সভাপতি এবং একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

তাঁদের দাবি, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি বিভিন্ন কবরস্থান, মন্দির ও গির্জা এলাকায় বৃক্ষরোপণ, ফোরলেন সড়কের ডিভাইডারে গাছ লাগানো, বন্যার্তদের সহায়তা, জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন, মসজিদ-মাদ্রাসা-মন্দির-গির্জায় অনুদান এবং দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের সহযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

এ ছাড়া অসচ্ছল কন্যাদায়গ্রস্ত পরিবারকে সহায়তা, ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণমুক্ত করতে সহযোগিতা, হাসপাতালে দরিদ্র রোগীদের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছায় রক্তদানের ব্যবস্থা করাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে তিনি যুক্ত রয়েছেন বলে বক্তারা উল্লেখ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, এসব সামাজিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল আব্দুস সাত্তারের মান-সম্মান ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে। তাঁরা সংশ্লিষ্ট অনলাইন সংবাদমাধ্যমকে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ দ্রুত প্রত্যাহার বা অপসারণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংবাদটি দ্রুত অপসারণ করা না হলে সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বক্তারা বলেন, “যার প্রতি মহান আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসা রয়েছে, তাঁকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই।” মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে ভুলত্রুটি হতে পারে উল্লেখ করে তাঁরা সেসব ভুল সংশোধনের পাশাপাশি আব্দুস সাত্তারের সামাজিক কর্মকাণ্ডগুলোও যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান।

সরকারি হাজী কোরপ আলী কলেজের সাবেক অধ্যক্ষ মকতেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী খান, জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজ উদ্দিন সেখ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হোসাইন বাবু, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু, জেলা যুবদলের সহসভাপতি ইমরুল হক ইমেজ, জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মাওলানা মো. নুরনবী হোসাইনী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল আহমেদসহ অন্যরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD