হুমকি ও অপপ্রচারের অভিযোগে হেযবুত তওহীদের মানববন্ধন

নোয়াখালীতে হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত এক সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, প্রকাশ্য হুমকি এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর হেযবুত তওহীদ।
বিজ্ঞাপন
শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটির দাবি, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে ভিত্তিহীন, উসকানিমূলক ও ঘৃণামূলক বক্তব্য দেওয়া হয়। এর প্রতিবাদেই তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান ও এস. এম. শামসুল হুদা, ঢাকা মহানগর ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন, যুগ্ম নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা প্রমুখ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বক্তারা বলেন, হেফাজতে ইসলামের ব্যানারে কওমি মাদ্রাসাকেন্দ্রিক একটি গোষ্ঠী ইসলামী মাহফিলের নামে যে সমাবেশ করেছে, সেটি ছিল একটি উগ্রবাদী ও উসকানিমূলক সমাবেশ। পরিকল্পিতভাবে নোয়াখালীর শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যেই এর আয়োজন করা হয়েছে। ওই সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও কল্পনাপ্রসূত অভিযোগ আনা হয়েছে এবং কবর দেওয়া, উচ্ছেদ করা ও দেশ থেকে বের করে দেওয়ার মতো প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি নারী-বিদ্বেষী ও ঘৃণামূলক বক্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে একটি আইন মান্যকারী বৈধ আন্দোলনের বিরুদ্ধে সহিংসতার উসকানি দেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, এ ধরনের উসকানি হেযবুত তওহীদের সদস্যদের জানমাল, বাড়িঘর ও সম্পদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। অতীতে ২০১৬ সালে সোনাইমুড়িতে মাননীয় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে দুইজন সদস্যকে হত্যা, অগ্নিসংযোগ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেন, একই ধরনের সহিংসতার ক্ষেত্র আবারও তৈরি করা হচ্ছে।
বক্তারা সরকারের কাছে দাবি জানান, প্রকাশ্যে হুমকি, সহিংসতায় উসকানি, মিথ্যা অপপ্রচার ও নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য প্রদানকারীদের দ্রুত আইনের আওতায় এনে হেযবুত তওহীদের সদস্যদের সাংবিধানিক অধিকার, মানবাধিকার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে তোপখানা রোড প্রদক্ষিণ করে। মিছিল থেকে উগ্রবাদ, ধর্মব্যবসা ও সহিংস উসকানির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং উসকানিদাতাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।








