Logo

স্ত্রী-শাশুড়িকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করতে হাজির যুবক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট, ২০২৬, ১২:৪৩
স্ত্রী-শাশুড়িকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করতে হাজির যুবক
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক যুবকের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি নিজেই কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

রবিবার (২ আগস্ট) সকাল প্রায় ৯টার দিকে কাঁঠালবাগান এলাকার আল আমিন মসজিদের পাশের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাত্রি (২০) এবং তার মা ফিরোজা বেগম (৩৫)। ঘটনার সময় রাত্রি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সকালে বাসার ভেতরে রাত্রি ও তার সাবেক স্বামী মো. শিপনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় রাত্রির মা ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিয়ে বিরোধ মেটানোর চেষ্টা করলে অভিযুক্ত শিপন ধারালো অস্ত্র দিয়ে দুজনের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, হামলার পর ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। আহত ফিরোজা বেগমকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে বাঁচাতে পারেননি।

পুলিশ আরও জানায়, ঘটনার পর পালিয়ে না গিয়ে অভিযুক্ত শিপন নিজেই কলাবাগান থানায় উপস্থিত হন। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ওসি ফজলে আশিকের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন জানিয়েছেন, তার সঙ্গে রাত্রির বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। তবে বিচ্ছেদের পরও তারা একই বাসায় বসবাস করছিলেন। পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD