Logo

ঈদগাঁওয়ে মা-মেয়ে হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৩০ জুলাই, ২০২৬, ১৬:৩৪
ঈদগাঁওয়ে মা-মেয়ে হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড
ছবি : এআই দিয়ে তৈরি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মা ও মেয়েকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অভিযোগপত্রভুক্ত অপর দুই নারী আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০২১ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম এবং তাদের সপ্তম শ্রেণির শিক্ষার্থী কন্যা জান্নাতুল ফেরদৌস নিহত হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার তিন দিন পর, ২২ জানুয়ারি নিহত রাশেদা বেগমের স্বামী আজিজুল হক বাদী হয়ে ঈদগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আবুল কালামকে প্রধান আসামি করে মোট চারজনের নাম উল্লেখ করা হয়। অন্য আসামিরা ছিলেন আবুল কালামের ভাই আবুল তাহের, তার স্ত্রী হামিদা বেগম এবং আবুল তাহেরের স্ত্রী মনোয়ারা বেগম।

তদন্ত শেষে ২০২১ সালের ১৪ জুলাই পুলিশ আবুল তাহেরের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করে। একই সঙ্গে আবুল কালাম, হামিদা বেগম ও মনোয়ারা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

বিজ্ঞাপন

অভিযোগপত্র গ্রহণের পর আদালতে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত প্রধান আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ড প্রদান করেন। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হামিদা বেগম ও মনোয়ারা বেগমকে খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিসহ মামলার তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD