Logo

আদালতে সোপর্দ করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৩০ জুলাই, ২০২৬, ১৪:৫৭
আদালতে সোপর্দ করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং হত্যা, চাঁদাবাজিসহ একাধিক গুরুতর মামলার আসামি মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে আনা হয়েছে। ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় যশোর থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) ভোরে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশির সময় তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি নিজের বেশভূষা ও গোঁফ পরিবর্তন করেছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিং শেষ করে আদালতে নেওয়ার জন্য তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় ভ্যানে ওঠার পর নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার অনেক কিছু বলার আছে বললেও, তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের বাধায় তিনি আর কোনো কথা বলতে পারেননি।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ডেভিড ইমনের বিরুদ্ধে বাকলিয়া এলাকায় জোড়া খুন, পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা, সাম্প্রতিক সময়ে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি এবং অন্যান্য গুরুতর অপরাধসহ অন্তত ১১টির বেশি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

বিজ্ঞাপন

প্রেস ব্রিফিং শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার দুপুরে কঠোর পুলিশি পাহারায় তাকে আদালতে নেওয়া হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD