Logo

সৎ মায়ের পর এবার জন্মদাত্রী মাকেও হত্যা, পলাতক ছেলে

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
৩০ জুলাই, ২০২৬, ১৯:৫৯
সৎ মায়ের পর এবার জন্মদাত্রী মাকেও হত্যা, পলাতক ছেলে
ছবি: সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলায় মাদকাসক্ত এক ছেলের বিরুদ্ধে নিজের জন্মদাত্রী মাকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সদর উপজেলার বায়তুলআমান এলাকার রহমান মোল্লাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন

নিহত শ্যামেলা বেগম (৬৫) ওই এলাকার প্রয়াত আকবর শেখের স্ত্রী। ঘটনার পর স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিহতের মেয়ে কাকলী আক্তার জানান, তার ভাই রাহিম শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন। ঘটনার দিন তিনি কর্মস্থলে ছিলেন। বাড়িতে তখন শুধু তার মা ও ভাই অবস্থান করছিলেন। পরে খবর পেয়ে বাড়িতে ফিরে তিনি মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

স্থানীয়দের ভাষ্য, ধারালো নয়, বরং শক্ত কোনো বস্তু দিয়ে শ্যামেলা বেগমের মাথায় একাধিকবার আঘাত করা হয়। আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর অভিযুক্ত রাহিম শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, আঘাত এতটাই ভয়াবহ ছিল যে নিহতের মাথা মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়ে যায়।

পুলিশ জানায়, অভিযুক্ত রাহিম শেখের বিরুদ্ধে অতীতেও একই ধরনের গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, ২০১৬ সালে তিনি তার সৎ মাকেও একই কায়দায় হত্যা করেছিলেন। ওই মামলায় দীর্ঘ ৭ থেকে ৮ বছর কারাভোগের পর প্রায় দুই থেকে তিন বছর আগে তিনি মুক্তি পান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুলিশ কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

বিজ্ঞাপন

ঘটনার পর এলাকায় চরম শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD