Logo

ভিডিও বিতর্কের জেরে এমপি নজরুলের বিরুদ্ধে বিক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
সাতক্ষীরা
২২ জুলাই, ২০২৬, ১৪:০৭
ভিডিও বিতর্কের জেরে এমপি নজরুলের বিরুদ্ধে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে শ্যামনগর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন। মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকের হাতে গাজী নজরুল ইসলামের ছবি এবং প্রতীকী ঝাড়ু দেখা যায়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এর মধ্যে ছিল, “ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না”, “হই হই রই রই, বট বাহিনী গেলি কই” এবং “শ্যামনগরে হবে না, বট বাহিনীর ঠিকানা”—এ ধরনের নানা স্লোগান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মিছিলে অংশ নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর যেসব অভিযোগ সামনে এসেছে, তাতে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা। তিনি বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার মতে, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।

সমাবেশে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ বলেন, জনগণ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে তারা হতাশ হয়েছে। তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সংসদ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নাগরিক নেতা অধ্যাপক আবু সাইদ বলেন, একজন জনপ্রতিনিধির প্রতি জনগণের যে আস্থা থাকে, সাম্প্রতিক ঘটনাগুলো সেই প্রত্যাশাকে প্রশ্নের মুখে ফেলেছে। তার ভাষায়, শ্যামনগরের মানুষের সম্মান ও মর্যাদা যেকোনো ব্যক্তি বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে। তাই ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞাপন

আরেক নাগরিক নেতা আশেক ই এলাহি মুন্না বলেন, শুরুতে ভাইরাল হওয়া একটি ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করা হয়েছিল। তবে পরে একের পর এক ভিডিও প্রকাশের পর সেই দাবি আর সামনে আসেনি। পরবর্তীতে গাজী নজরুল ইসলাম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংশ্লিষ্ট নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে উল্লেখ করেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে স্থানীয়দের হাতে এমপিকে একটি বাড়িতে আটকে রাখা হয়েছে বলে দাবি করা হয়। এসব ঘটনার কারণে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং শ্যামনগরের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং সরকারের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহি মুন্না, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কর্মসূচি চলাকালে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, সমাবেশে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বা তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD