Logo

সাদ্দামের মানবিক কার্যক্রম চালুর দাবিতে ফুলবাড়ীয়ায় মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৪ আগস্ট, ২০২৬, ১১:৪৫
সাদ্দামের মানবিক কার্যক্রম চালুর দাবিতে ফুলবাড়ীয়ায় মানববন্ধন
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সমাজসেবক ও উদ্যোক্তা, সিঙ্গাপুরপ্রবাসী রাজিব হোসেন খান সাদ্দামের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তার মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার ২ নম্বর পুটিজানা ইউনিয়নের সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিলে সেখানে বিপুলসংখ্যক নারী-পুরুষ জড়ো হন। তবে অফিস চলাকালীন সময়ে জনসমাগমের কারণে সেবাগ্রহীতাদের চলাচলে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়ে পুলিশ সেখানে কর্মসূচি পালনে অনুমতি দেয়নি।

পরে অংশগ্রহণকারীরা চব্বিশে চত্বরে সমবেত হয়ে ব্যানারসহ একটি মিছিল বের করেন। মিছিল চলাকালে তারা ‘চক্ষু শিবির বন্ধ কেন, মানবিক কাজ বন্ধ কেন’—এমন বিভিন্ন স্লোগান দেন। পরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সময়ের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখান থেকেও পুলিশ শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগের অনুরোধ জানালে আয়োজকরা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

আয়োজকদের ভাষ্য, সিঙ্গাপুরপ্রবাসী ও পুটিজানা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাজিব হোসেন খান সাদ্দাম গত ১ আগস্ট পুটিজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির আয়োজনের উদ্যোগ নেন। এ উপলক্ষে এলাকায় প্রচারণাও চালানো হয়েছিল। তবে প্রতিপক্ষের অভিযোগের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় থানা পুলিশ অনুষ্ঠানটি স্থগিত রাখার নির্দেশ দেয়। পরবর্তীতে দ্রুত স্থান পরিবর্তন করে কেশরগঞ্জ বাজারের সুইস গেইট এলাকায় সফলভাবে চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আয়োজকদের দাবি, ওই ঘটনার প্রতিবাদ জানানো এবং সাদ্দামের সমাজসেবামূলক কার্যক্রমে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে দাবিতেই এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শামসুর রহমান সুমন, ফুলবাড়ীয়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, সমাজসেবক সেলিম মিয়া, কামরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করা উচিত। তারা দাবি করেন, রাজিব হোসেন খান সাদ্দাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং কোনো প্রমাণ ছাড়াই সমাজসেবামূলক কার্যক্রমে বাধা সৃষ্টি করা উচিত নয়।

এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানবিক উদ্যোগকে বিতর্কিত না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে এবং জনস্বার্থে পরিচালিত সমাজকল্যাণমূলক কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD