Logo

দুধ দিয়ে গোসল, রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন যুবদল নেতা

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীপুর, গাজীপুর
৩ আগস্ট, ২০২৬, ১৬:৩৬
দুধ দিয়ে গোসল, রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন যুবদল নেতা
ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম। প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করার পর মায়ের মাথায় হাত রেখে তিনি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার শপথ নেন।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী, রাজনৈতিক কর্মী ও উৎসুক মানুষ সেখানে ভিড় করেন। ব্যতিক্রমী এই ঘোষণাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

মাহাবুব আলম সাংবাদিকদের জানান, ২০০৬ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলের বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিন অংশ নিয়েছেন এবং দলের দুঃসময়েও মাঠে সক্রিয় ছিলেন বলে দাবি করেন।

তার অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়, যার কারণে তাকে কারাভোগ করতে হয়েছে। এছাড়া কারামুক্তির পর দলের কিছু নেতাকর্মীর অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলেও তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মাহাবুব আলম বলেন, “দলের জন্য জীবনের দীর্ঘ সময় ব্যয় করেছি। কঠিন সময়েও পাশে ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সম্মান নয়, পেয়েছি অপমান, হয়রানি ও কারাভোগ। তাই আজ থেকে বিএনপির রাজনীতির সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গেও নিজেকে আর সম্পৃক্ত করব না।”

এ সময় তিনি তার মা হাওয়া বেগমের মাথায় হাত রেখে শপথ করেন যে, জীবনের অবশিষ্ট সময় রাজনীতির বাইরে থেকেই কাটাবেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নেওয়ার এমন প্রতীকী ঘোষণা এ এলাকায় বিরল ঘটনা। ফলে বিষয়টি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে মাহাবুব আলমের উত্থাপিত অভিযোগের বিষয়ে বিএনপির স্থানীয় বা জেলা পর্যায়ের নেতাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD