Logo

সারের সংকটে কুড়িগ্রামে আবারও মহাসড়কে কৃষকদের বিক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫০
সারের সংকটে কুড়িগ্রামে আবারও মহাসড়কে কৃষকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে পর্যাপ্ত সার না পাওয়ার অভিযোগে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। রবিবার (২০ সেপ্টেম্বর) সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় এলাকায় প্রায় এক ঘণ্টা কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে অবস্থান নেন তারা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই সার নেওয়ার জন্য ডিলার পয়েন্টে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন কৃষকরা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সার বিতরণ শুরু না হওয়ায় মেসার্স এ কে এম মোস্তাফিজুর রহমানের ডিলার পয়েন্টের সামনে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে কৃষকরা মহাসড়কে উঠে যান।

অবরোধের কারণে কিছু সময়ের জন্য দূরপাল্লার যান চলাচল ব্যাহত হয়। পরে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কৃষকদের সারিবদ্ধ করে সার বিতরণের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেনি। তার ভাষ্য, সারের চাহিদার তুলনায় সেখানে অনেক বেশি মানুষের সমাগম হয়েছিল। পরে শান্তিপূর্ণভাবে কৃষকদের সারিতে দাঁড় করিয়ে সার বিতরণ শুরু করা হয়।

বিজ্ঞাপন

কৃষকদের অভিযোগ, ডিলাররা রাতের বেলায় সার কালোবাজারিদের কাছে বিক্রি করে দিচ্ছেন। ফলে প্রয়োজনের সময় তারা ডিলার পয়েন্ট থেকে সার পাচ্ছেন না। বাধ্য হয়ে খুচরা বাজার থেকে প্রতি কেজি সার ৪৫ থেকে ৫০ টাকা দরে কিনতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এদিকে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নেও সার না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। সেখানে এক ডিলারকে কৃষকদের ধাওয়া করার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, জেলার কৃষকদের সারের চাহিদা পূরণে অতিরিক্ত ১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নাগেশ্বরীতে সারের দাবিতে সড়ক অবরোধের ঘটনা ঘটে। সেদিন কৃষকরা এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) সার গুদামের ভেতরে অবরুদ্ধ করে রাখেন বলেও জানা গেছে।

পরপর কয়েক দিনের এসব ঘটনায় কুড়িগ্রামে কৃষকদের মধ্যে সারের সরবরাহ ও বিতরণব্যবস্থা নিয়ে ক্ষোভের বিষয়টি সামনে এসেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD