Logo

সারের দাবিতে কুড়িগ্রামে সড়ক অবরোধ, গুদামে অবরুদ্ধ কর্মকর্তা

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২০:০৪
সারের দাবিতে কুড়িগ্রামে সড়ক অবরোধ, গুদামে অবরুদ্ধ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ সময় গুদামে থাকা এক উপসহকারী কৃষি কর্মকর্তাকেও অবরুদ্ধ করে রাখা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে প্রায় সাড়ে চার ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন পুলিশি নিরাপত্তায় উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদাম থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যান।

স্থানীয় সূত্র জানায়, গাবতলা বাজারের ভাই ভাই মেশিনারীজ নামের ডিলার পয়েন্টে সকাল ৮টা থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। তবে ডিলার এর আগেই সার বিতরণ শুরু করেন। ফলে সকাল ৮টার দিকে সার নিতে আসা অনেক কৃষক সেখানে কোনো সার না পেয়ে ক্ষুব্ধ হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একপর্যায়ে কৃষকেরা উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। একই সঙ্গে মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অবরুদ্ধ কর্মকর্তাকে নিরাপত্তা দিতে গুদামে পুলিশ মোতায়েন করা হয়। পরে দুপুর ১২টার দিকে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। এরপর পুলিশি নিরাপত্তায় রফিকুল ইসলামকে গুদাম থেকে বের করে নিজের গাড়িতে করে নাগেশ্বরীতে নিয়ে যান তিনি।

বিজ্ঞাপন

উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে বিতরণ শুরু হয় এবং তা সুষ্ঠুভাবেই শেষ হয়েছে। পরে কয়েকশ কৃষক এসে পরিস্থিতি উত্তপ্ত করেন। সার না পেয়ে তারা তাকে অবরুদ্ধ করেন এবং সড়কও বন্ধ করে দেন। পুলিশের সহযোগিতায় দুপুর ১২টার পর ইউএনও তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার বলেন, সারের দাবিতে কয়েকজন কৃষক সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ডিলার পয়েন্টে সুষ্ঠুভাবেই সার বিতরণ করা হয়েছে। তবে চাহিদার তুলনায় কৃষকের সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতির সৃষ্টি হয়। কৃষকদের সার দেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা পরে অবরোধ তুলে নেন।

তিনি আরও জানান, অতিরিক্ত সারের বরাদ্দ চেয়ে জেলায় চাহিদা পাঠানো হয়েছে। শিগগিরই অতিরিক্ত বরাদ্দ পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD