মহাখালীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতে শহীদ তাজউদ্দীন আহমদ সরণির মহাখালী-নাবিস্কো অংশের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার পর মহাখালী বাস টার্মিনালসংলগ্ন সড়কে অবরোধ শুরু করেন পরিবহন শ্রমিকরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ জানায়, সড়কে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে বিকেলে মহাখালী বাস টার্মিনাল এলাকায় পুলিশ বাস ডাম্পিং করে। এর প্রতিবাদেই শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অবরোধের কারণে টার্মিনালের আশপাশের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান করছেন এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
এ অবস্থায় মহাখালী বাস টার্মিনালসংলগ্ন সড়ক এড়িয়ে চলতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ। যাত্রী ও চালকদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।








