সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টায় প্রত্যাহার

পর্যাপ্ত সার সরবরাহ ও সার সিন্ডিকেট বন্ধের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
বিজ্ঞাপন
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলার মহেন্দ্রনগর এলাকায় বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গোডাউনের সামনে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন কৃষকরা।
কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না তারা। প্রতিদিন পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সার নিয়ে সিন্ডিকেট বন্ধের দাবিতে তারা মহাসড়কে অবস্থান নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন যানবাহনের চালকরা।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে প্রায় আধাঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে মহাসড়ক থেকে সরে যান কৃষকরা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। হাতীবান্ধার একটি ইউনিয়নে সার ছাড়ার খবর পেয়ে কৃষকরা মহেন্দ্রনগরে চলে আসায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জেলায় সারের সংকট নেই। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








