Logo

দক্ষিণ আইচায় অল্প সময়েই একাধিক ট্রান্সফরমার চুরি

profile picture
উপজেলা প্রতিনিধি
চরফ্যাশন, ভোলা
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০৭
দক্ষিণ আইচায় অল্প সময়েই একাধিক ট্রান্সফরমার চুরি
ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মাত্র একদিনের ব্যবধানে বিদ্যুৎ অফিসের আশপাশের এলাকায় একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনায় বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চরমানিকা ইউনিয়নের একটি করাতকলের বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার চুরি হয়। ঘটনাস্থলটি দক্ষিণ আইচা বিদ্যুৎ অফিস থেকে প্রায় দুই কিলোমিটার দূরে।

এর পরদিন রাতে চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসংলগ্ন চরফ্যাশন-দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আরও একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। ওই স্থানটি দক্ষিণ আইচা বিদ্যুৎ অফিস থেকে মাত্র আধা কিলোমিটার উত্তরে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ অফিসের আশপাশে অল্প সময়ের ব্যবধানে একাধিক ট্রান্সফরমার চুরি হলেও গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়। এতে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

বিজ্ঞাপন

চুরি হওয়া ট্রান্সফরমারগুলোর ক্ষমতা ১৫ থেকে ২৫ কেভিএ। এসব ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার তার ও কয়েলের বাজারমূল্য থাকায় চোরচক্র এগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে ধারণা স্থানীয়দের।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাদের ধারণা, চোরেরা প্রথমে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার নিচে ফেলে দেয়। পরে সেটি অপেক্ষাকৃত নিরাপদ কোনো স্থানে নিয়ে গিয়ে ভেতরের তামার তার ও মূল্যবান কয়েল খুলে নেয়।

বিজ্ঞাপন

চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাইটগার্ড সাইদুল বলেন, “আমি রাত ১২টার কিছুক্ষণ পর ঘুমিয়ে যাই। এরপর কী হয়েছে, তা আমি জানি না।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাত দুইটার কিছু পর হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তারা প্রথমে এটিকে স্বাভাবিক লোডশেডিং মনে করেছিলেন। কিন্তু সারারাত বিদ্যুৎ না আসায় ভোরে খোঁজ নিয়ে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটির তার কাটা এবং সেখানে থাকা ট্রান্সফরমারটি নেই।

একটির পর একটি ট্রান্সফরমার চুরি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় সাধারণ গ্রাহকদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক স্থাপনা চুরি ঠেকাতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানান।

চুরির খবর পেয়ে দক্ষিণ আইচা বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দক্ষিণ আইচা বিদ্যুৎ অফিসের এজিএম কাউছার আহমেদ বলেন, সকালে এক গ্রাহক বিদ্যুৎ না থাকার বিষয়টি ফোনে জানান। পরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি চুরি হয়েছে। তাদের ধারণা, রাত ২টা থেকে ৩টার মধ্যে ট্রান্সফরমারটি চুরি করা হয়েছে। নতুন ট্রান্সফরমারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD