Logo

আ.লীগ বিদ্যুৎ ও গ্যাস সেক্টর লুটপাট করে ধ্বংস করে দিয়েছে: প্রিন্স

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮
আ.লীগ বিদ্যুৎ ও গ্যাস সেক্টর লুটপাট করে ধ্বংস করে দিয়েছে: প্রিন্স
ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের বিদ্যুৎ ও গ্যাস সেক্টর লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার এর দায় বহন করছে। অতীতেও দেশের সব সংকটে বিএনপি উদ্ধারের দায়িত্ব পালন করেছে। বর্তমান সরকারও বিপর্যস্ত দেশকে এগিয়ে নিতে কাজ করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই দেশ গড়ার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই আমাদের বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে। দল বা সরকার বিব্রত হয়—এমন কোনো কাজ করা যাবে না। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোহাটা মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, অতীতের সব আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে দেশের জনগণ বিএনপির সঙ্গে ছিল। আগামীতেও দেশের জনগণ বিএনপির পাশে থাকবে। কিন্তু বিরোধী দল লংমার্চ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করার পাঁয়তারা করছে। তারা যদি জনগণকে দুর্ভোগে ফেলে ফায়দা হাসিল করতে চায়, তাহলে জনগণ তাদের বর্জন করবে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, বিএনপি নেতা আব্দুস সালাম, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক মহিবুল হক টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল, বিএনপি নেতা আব্দুস সাত্তার এবং জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহম্মেদ সাকিবসহ অনেকে।

এদিকে, সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গোহাটা মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD