ময়লা ফেলা নিয়ে বিরোধে চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়ির পাশে ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে মোহাম্মদ ফরিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পীরপুর-কুল্লনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম ওই গ্রামের আবুল হাসানের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে ময়লা ফেলা নিয়ে ফরিদুল ইসলামের সঙ্গে তাঁর আপন চাচা দুলালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুলাল লাঠি দিয়ে ফরিদুলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা ফরিদুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে ফরিদুল ইসলাম আহত হন। রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








