Logo

কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার

profile picture
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫৮
কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে মুদি দোকানের আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে হক মিয়া (৫০) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইয়াবা লুকিয়ে রাখতে তিনি মাথায় পরা টুপিকে ব্যবহার করতেন। অভিযান চালিয়ে তাঁর টুপির ভেতর থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদনা খন্দকার বাড়ি জামে মসজিদসংলগ্ন একটি মুদি দোকানে অভিযান চালিয়ে হক মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরদিন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হক মিয়া বনগ্রাম ইউনিয়নের নদনা গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মুদি ব্যবসা করে আসছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুদি দোকানের ব্যবসার আড়ালে হক মিয়া মাদক বিক্রি করছেন—এমন অভিযোগ পুলিশের কাছে ছিল। সম্প্রতি গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দোকানে বসেই তিনি কৌশলে ইয়াবা বিক্রি করছেন। তবে ইয়াবা দোকানে না রেখে মাথায় থাকা টুপির ভেতরে লুকিয়ে রাখতেন বলে তথ্য পায় পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর শনিবার রাতে কটিয়াদী মডেল থানার একটি দল নদনা খন্দকার বাড়ি জামে মসজিদসংলগ্ন ওই দোকানে অভিযান চালায়। এ সময় হক মিয়াকে আটক করে তল্লাশি করা হয়। একপর্যায়ে তাঁর মাথায় থাকা টুপির ভেতর থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক কেনাবেচা নিয়ে নানা অভিযোগ শোনা যাচ্ছিল। মুদি দোকানের মতো একটি প্রতিষ্ঠানের আড়ালে মাদক বিক্রির অভিযোগটি উদ্বেগজনক। পুলিশ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। মাদক ব্যবসার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য, মাদক বিক্রির বিষয়টি গোপন রাখতে হক মিয়া অভিনব কৌশল অবলম্বন করেছিলেন। দোকানে ইয়াবা না রেখে মাথার টুপির ভেতরে রাখায় সহজে তা শনাক্ত করা সম্ভব হতো না বলে ধারণা করছে পুলিশ।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, হক মিয়ার মুদি দোকানটি মাদক বিক্রির আড়াল হিসেবে ব্যবহারের তথ্য ছিল পুলিশের কাছে। তিনি টুপির ভেতরে ইয়াবা রেখে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় হক মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD