রামুতে মা-নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্লিনিক বন্ধের নির্দেশ

কক্সবাজারের রামুতে প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুহুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহমেদ হাসনাইন জুহেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেফা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। রোববার রামু উপজেলা গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রসূতিকে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করানোর কথা বলে দীর্ঘ সময় অপেক্ষা করানো হয়। পরে প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা না দেওয়ার কারণে মা ও নবজাতকের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত করার পাশাপাশি অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকির দাবি করেন তারা।








