পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

লক্ষ্মীপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। দাদাকে বাঁচাতে গিয়ে দুই শিশুও পানিতে ডুবে মারা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বিজ্ঞাপন
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বৃদ্ধ আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার(৬)। দাদা আবু সিদ্দিককে বাঁচাতে গিয়ে ওই দুই শিশু মারা যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
নিহত আবু সিদ্দিক পাটোয়ারী সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। নিহত পিয়াস তার (সিদ্দিক) ছেলে আব্দুল আজিজের সন্তান ও পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। পরে বৃদ্ধ পানিতে নেমে ডুব দেয়। কিন্তু দীর্ঘক্ষণ তিনি পানির নিচ থেকে উঠেননি। একপর্যায়ে নাতি পিয়াস ও নাতনি পপি তাকে পানিতে খুঁজতে গিয়ে তারাও ডুবে মারা যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ধারণা করা হচ্ছে, আবু সিদ্দিক পানিতে ডুব দিয়ে স্ট্রোক করেছেন। যার কারণে তিনি ডুব দিলেও আর উঠতে পারেননি। এতে তাকে বাঁচাতে গিয়ে নাতি-নাতনিও পানিতে ডুবে মারা গেছে।
বিজ্ঞাপন
শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। এ ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








