চুয়াডাঙ্গায় বাস টার্মিনাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকা থেকে আসাদুল ওরফে সাহাবুদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) ভোরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিজ্ঞাপন
নিহত আসাদুল চুয়াডাঙ্গা জেলা শহরের রেলপাড়া এলাকার মৃত আব্দুল ওহাব আলীর ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, আসাদুল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে বাস টার্মিনাল এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে তার মা ও ভাই ঘটনাস্থলে পৌঁছান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








