ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী শফিকুলের

ইতালির নাপোলি শহরে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির বন্দরনগর নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর এলাকার দর্জিবাড়ি ব্রিজসংলগ্ন এলাকার নসু প্রামাণিকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি জীবিকার প্রয়োজনে ইতালিতে অবস্থান করছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় নাপোলি শহরের ভিল্লে লিতেরনো এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন শফিকুল ইসলাম। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানতে পেরেছেন। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং দুর্ঘটনার সময় সেখানে কী ঘটেছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শনিবার রাতে শফিকুলের মৃত্যুর খবর দেশে তার পরিবারের কাছে পৌঁছায়। প্রিয়জনের মৃত্যুর খবর পাওয়ার পর মাদারীপুরে তার পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আকস্মিক এই মৃত্যুতে স্বজনরা গভীরভাবে ভেঙে পড়েছেন।
এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, বিষয়টি খুবই বেদনাদায়ক। নিহতের পরিবার যোগাযোগ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।








