Logo

ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

profile picture
উপজেলা প্রতিনিধি
ডিমলা, নীলফামারী
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৮
ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ছবি: প্রতিনিধি

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে দিবসের কর্মসূচি শুরু হয় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে শিক্ষা ও সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

পরে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তারা সাক্ষরতার প্রয়োজনীয়তা ও নিরক্ষরতা দূরীকরণে করণীয় নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, একটি দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও অর্থনৈতিক-সামাজিক সমৃদ্ধি নিশ্চিত করতে শিক্ষার প্রসার এবং সাক্ষরতার হার বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগোষ্ঠীর একটি অংশ নিরক্ষর রেখে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে নিরক্ষরতা দূর করার কাজে সম্পৃক্ত হতে হবে।

বিজ্ঞাপন

আলোচনায় দেশের সামগ্রিক অগ্রগতিতে শিক্ষার ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় নিয়ে আসা এবং সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষের মধ্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হয়।

বক্তারা আরও বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের সচেতনতা বৃদ্ধি, আত্মনির্ভরতা অর্জন এবং সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে কার্যকরভাবে অংশ নেওয়ার সক্ষমতা বাড়ায়। ফলে উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার অপরিহার্য।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নিরক্ষরতা দূরীকরণে সরকারি কর্মসূচির পাশাপাশি পরিবার ও সমাজের সচেতন ভূমিকা প্রয়োজন। শিক্ষার আলো থেকে কেউ যাতে বঞ্চিত না থাকে, সে লক্ষ্যেই স্থানীয় পর্যায়ে সচেতনতা ও শিক্ষা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ডিমলায় পালিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের কর্মসূচিতে শিক্ষার প্রসার, নিরক্ষরতা দূরীকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD