Logo

রাজাপুর হাসপাতালে গাঁজা সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:০৩
রাজাপুর হাসপাতালে গাঁজা সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে গাঁজা সেবনের সময় মো. মেহেদী হাসান (২২) নামে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান রাজাপুর সদর এলাকার মো. বাদল খলিফার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাসপাতালের পরিত্যক্ত ভবনে রাতে মাদক সেবনের তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত সশস্ত্র আনসার সদস্যরা। অভিযানের সময় মেহেদী হাসানকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। তার কাছ থেকে এক পুরিয়া গাঁজাও উদ্ধার করা হয়।

আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব আদালতের কার্যক্রম পরিচালনা করেন।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান নিজের অপরাধ স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়। সেখানে গাঁজা সেবনের সময় এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, আটক যুবক আদালতের কাছে অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

শামিম রেজা সজিব আরও বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো গেলে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD