লক্ষ্মীপুরে অনুমোদনহীন ঘি ও খাদ্যপণ্য, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুর পৌরসভার দুটি এলাকায় নিম্নমানের ও অনুমোদনহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বাজারজাত করার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুরের উদ্যোগে র্যাব-১১ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযানটি লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ কালি বাড়ি রোড এবং ৫ নম্বর ওয়ার্ডের শাখারীপাড়া এলাকায় পরিচালনা করা হয়।
অভিযানের সময় সমসেরাবাদ এলাকার বাসিন্দা রাজ কুমার চৌধুরী (৪১), পিতা—মৃত আকুল চন্দ্র চৌধুরীর বিরুদ্ধে পৌরসভা কর্তৃক অনুমোদনহীন নিম্নমানের ঘি সংরক্ষণ ও বাজারজাত করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শাখারীপাড়া এলাকায় ‘এস আর ব্রাদার্স’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে পৌরসভা কর্তৃক অনুমোদনহীন ও নিম্নমানের বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ এবং বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযান পরিচালনাকারীরা জানান, খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অনুমোদনহীন ও নিম্নমানের খাদ্যপণ্য সংরক্ষণ কিংবা বাজারজাতের মাধ্যমে যাতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী, নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম, লক্ষ্মীপুর সদর উপজেলা এলাকার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ তাজুল ইসলাম, কমলনগরের নিরাপদ খাদ্য পরিদর্শক রিয়াজ উদ্দিন এবং রামগতির নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল হাসনাত উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ ছাড়া অভিযানে র্যাব-১১ ও এনএসআইয়ের সদস্যরা অংশ নেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অনুমোদনহীন ও নিম্নমানের খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








