Logo

উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে মোবারক-খলিল

profile picture
উপজেলা প্রতিনিধি
উজিরপুর, বরিশাল
৭ সেপ্টেম্বর, ২০২৬, ২১:২৩
উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে মোবারক-খলিল
ছবি প্রতিনিধি।

বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে প্রধান শিক্ষক মো. মোবারক মৃধাকে সভাপতি ও শেখ খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সাবেক সভাপতি মো. মাহাবুব ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম।

কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান শাহীন, উজিরপুর প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর সৈয়দ গফফার আলী এবং প্রধান উপদেষ্টা মো. নাজমুল ইসলাম।

সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের ন্যায্য অধিকার নিয়ে আলোচনা হয়। বক্তারা শিক্ষকদের বেতনবৈষম্য নিরসন, পদোন্নতির সুযোগ বৃদ্ধি এবং চাকরিসংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি তুলে ধরেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত শক্তিশালী করতে হলে শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শিক্ষকদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে শিক্ষার মানোন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে কাউন্সিলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করা হয়। এতে প্রধান শিক্ষক মো. মোবারক মৃধা সভাপতি, শেখ খলিলুর রহমান সাধারণ সম্পাদক, মো. সোহেল মাহামুদ সাংগঠনিক সম্পাদক এবং মো. আসাদুল হক বাচ্চুকে সিনিয়র সহসভাপতি করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম ৬১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটির নেতাদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকদের পাশে থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধসম্পন্ন, দেশপ্রেমিক ও আধুনিক জ্ঞানসমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

বিজ্ঞাপন

কাউন্সিলে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD