Logo

শেরপুরে ভুয়া ডাক্তারের ৭ দিনের জেল, জরিমানা ১ লাখ

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২৮ আগস্ট, ২০২৬, ১২:০০
শেরপুরে ভুয়া ডাক্তারের ৭ দিনের জেল, জরিমানা ১ লাখ
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে সনদ ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনা ও অবৈধ অস্ত্রোপচারের অভিযোগে সুনীল কুমার বিশ্বাস (৫০) নামে এক কথিত ভুয়া চিকিৎসককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে শেরপুর পৌরসভার সান্যালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সনদ ছাড়াই নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ ওষুধ প্রেসক্রাইব এবং অবৈধভাবে অস্ত্রোপচার করতেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানের সময় তার চেম্বারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অস্ত্রোপচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু তাকে এক লাখ টাকা জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে সহযোগিতা করে শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসারের একটি দল।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় অপচিকিৎসা ও সনদবিহীন চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে বৃহস্পতিবার রাতেই পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD