কাশিমপুরে অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পাঁচজনকে জরিমানা

গাজীপুরের কাশিমপুরে অবৈধ তিতাস গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সংযোগ সরঞ্জাম উদ্ধার ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ গ্যাস সংযোগ স্থাপন ও ব্যবহারের সঙ্গে জড়িত পাঁচজনকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ আগস্ট) গাজীপুরের চন্দ্রা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন কাশিমপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের বারেন্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে স্থাপন করা প্রায় ৮০০ ফুট গ্যাসের পাইপ, ২৫ থেকে ৩০টি রাইজার এবং ২৫০ থেকে ৩০০টি গ্যাসের চুলা উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করে এসব সংযোগের সরঞ্জাম উচ্ছেদ করা হয়।
অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগ স্থাপন ও ব্যবহারের সঙ্গে জড়িত পাঁচজনকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিজ্ঞাপন
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি গ্যাসের অপচয় ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানে তিতাস গ্যাসের চন্দ্রা কার্যালয়ের ব্যবস্থাপক ও প্রকৌশলী আল মামুনসহ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছিল। অভিযানের মাধ্যমে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় এলাকায় গ্যাস ব্যবহারে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন তারা।








