পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে পিসিএনপির অভিনন্দন

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার সুরক্ষা, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকার মৃধা ভবনে পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিসিএনপির নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করেছে।
তাদের দাবি, স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পাহাড়ের সাধারণ মানুষের অধিকার রক্ষায় অতীতে কোনো সরকার এমন উদ্যোগ নেয়নি। তিন স্তরের এসব কমিটি কার্যকরভাবে কাজ করলে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধানের পাশাপাশি অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তারা বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে পাহাড়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সাংবিধানিক স্বীকৃতি ও সহাবস্থান নিশ্চিত করার যে পথ সুগম হয়েছে, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনটি কমিটিতে কোনো বাঙালি প্রতিনিধি না রাখার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিসিএনপির নেতা ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বলেন, বাঙালি কোনো প্রতিনিধি রাখা হয়নি, তবে সরকারি কর্মকর্তা রয়েছেন।
সংবাদ সম্মেলনে পিসিএনপি রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ ছাড়া পিসিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে অংশ নেন।








