লটাখোলা বাজারে দুধে ভেজাল, ৯ বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া লটাখোলা বাজারে দুধে পানি মেশানোর অভিযোগে নয়জন বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভেজাল মিশ্রিত দুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও দোহার থানা পুলিশ সহযোগিতা করে।
অভিযান চলাকালে দুধের মান পরীক্ষা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামীম আহম্মেদ। এ সময় কয়েকজন বিক্রেতার দুধে পানি মেশানোর বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের তাৎক্ষণিক অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে ভেজাল মিশ্রিত বিপুল পরিমাণ দুধও জব্দ করা হয়। পরে সেগুলো জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
বিজ্ঞাপন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ বলেন, দুধে পানি বা যেকোনো ধরনের ভেজাল মেশানো একটি ক্ষমার অযোগ্য ও সামাজিক অপরাধ। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কাউকেই ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, জনস্বার্থে দোহারে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের খবর পেয়ে বাজারে আসা ক্রেতা ও স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা যায়। তারা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানান।








