Logo

সখীপুরে দুই সন্তানকে ছুরিকাঘাতের অভিযোগ, প্রাণ গেল শিশুর

profile picture
উপজেলা প্রতিনিধি
সখিপুর, টাঙ্গাইল
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫১
সখীপুরে দুই সন্তানকে ছুরিকাঘাতের অভিযোগ, প্রাণ গেল শিশুর
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে ঘুমন্ত দুই সন্তানকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তাদের মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত নয় বছর বয়সী আরেক শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শিশুদের মা আকলিমা আক্তারকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত দুই শিশু ওই এলাকার মো. শাহীন মিয়ার সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে শাহীন মিয়ার দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার ক্ষুব্ধ ছিলেন। এর জেরে রাতে ঘুমন্ত দুই সন্তানকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে আকলিমা নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি পরিবারের।

ঘটনার পর গুরুতর আহত দুই শিশুকে পরিবারের সদস্যরা দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাড়ে তিন বছরের শিশুটিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে ঘটনার পর পরিবারের সদস্যরা আকলিমা আক্তারকে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এরপর তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর থানায় নেওয়া হয়।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন বলেন, “পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুদের মা আকলিমা আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনেও তদন্ত করা হচ্ছে।”

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD