Logo

ডেঙ্গুতে জামায়াত নেতা মনিরুল ইসলামের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
চান্দিনা, কুমিল্লা
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১
ডেঙ্গুতে জামায়াত নেতা মনিরুল ইসলামের মৃত্যু
ফাইল ছবি।

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, হাজী মনিরুল ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি হৃদ্‌রোগেও আক্রান্ত হন। পরে তাঁকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২০০২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগে তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পেশাগত জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD