ঢাকার ২ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দুই সিটির মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।
দলীয় ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে একই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম।
মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। পাশাপাশি তিনি দলটির ঢাকা মহানগরী উত্তরের আমিরের দায়িত্ব পালন করছেন। জামায়াতে ইসলামীতে যুক্ত হওয়ার আগে তিনি দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অপরদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থী আবু সাদিক কায়েম ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ২০২৫ সালের সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হন। এছাড়াও ২০২৪ সেশনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং পরবর্তীতে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এর আগে আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থী ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি কার্যালয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন দলের আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
ঘোষণা অনুযায়ী, এনসিপির শাপলা কলি প্রতীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাসীরুদ্দীন পাটোয়ারী। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলটির প্রার্থী হবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।








