দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই : শফিকুর রহমান

দেশের মানুষ নানা সংকটে কষ্টে আছে দাবি করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের সমস্যার কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করেও সরকার তাদের কথা বলার সুযোগ দিচ্ছে না। এ কারণে জনগণের অধিকার আদায়ে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে। মানুষ কষ্ট পাচ্ছে। আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করছি। কিন্তু সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে সকালে তিনি একই গ্রামের ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠের পাশাপাশি আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন জামায়াতে ইসলামীর আমির।
কবর জিয়ারত শেষে স্থানীয় একটি মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই মাদরাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মানিকপোটল (মরিচতলা) গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত মানুষের অভিবাদনের জবাব দেন।
বিজ্ঞাপন
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছান ডা. শফিকুর রহমান। রাতে তিনি বগুড়া সার্কিট হাউসে অবস্থান করেন। শনিবার ভোর সোয়া ৫টার দিকে সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন তিনি।








