Logo

অষ্টগ্রামে প্রধান শিক্ষকের জন্মদিনে দুই ঘণ্টা আগে বিদ্যালয় ছুটি

profile picture
উপজেলা প্রতিনিধি
অষ্টগ্রাম, কিশোরগঞ্জ
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১৪
অষ্টগ্রামে প্রধান শিক্ষকের জন্মদিনে দুই ঘণ্টা আগে বিদ্যালয় ছুটি
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে প্রধান শিক্ষকের জন্মদিন পালনের পর নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে বিদ্যালয় ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়নি বলেও জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মসজিদজাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিদ্যালয়ে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়। এ সময় বিদ্যালয়ের ভেতরে কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের কার্যক্রম চলার কথা থাকলেও প্রধান শিক্ষক শহিদুল হক খন্দকারের জন্মদিন উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই দুপুর ২টার দিকে বিদ্যালয় ছুটি দেওয়া হয়।

বিদ্যালয় বন্ধ থাকার বিষয়ে প্রধান শিক্ষক শহিদুল হক খন্দকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দুপুর ২টায় ছুটি দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

বিজ্ঞাপন

তবে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটির বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছিল কি না জানতে চাইলে, তাকে অবহিত করা হয়নি বলেও স্বীকার করেন প্রধান শিক্ষক।

অষ্টগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, বিষয়টি আমি অবগত নই। আপনার মাধ্যমে জানতে পারলাম। এ বিষয়ে আমি ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, ঘটনা সত্য। আমি শিক্ষা অফিসারকে নিয়ে মিটিং করে প্রধান শিক্ষককে শোকজ করব।

নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়া এবং শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি না জানানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। ব্যক্তিগত আয়োজনের কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা ও নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ার ক্ষেত্রে কোনো প্রশাসনিক অনুমোদন ছিল কি না, সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত শ্রেণি কার্যক্রম ও কর্মঘণ্টা যথাযথভাবে পালন করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সত্যতা যাচাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

এদিকে, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে স্থানীয়দের।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD