Logo

ত্রিশালে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৫ অক্টোবর, ২০২৬, ২০:৩৬
ত্রিশালে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা শাখা।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ নূন ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শোভার নেতৃত্বে মিছিলটি বের হয়। স্থানীয় সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটনের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি মাদানী সিএনজি পাম্প এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক দলের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা ষড়যন্ত্রের কোনো উদ্যোগ মেনে নেওয়া হবে না। জনগণের জানমাল ও দেশের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিষয়গুলোতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো মহল যেন শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ত্রিশালে একই ধরনের অভিযোগের প্রতিবাদে বিএনপির সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও বিক্ষোভ কর্মসূচি পালনের খবর এসেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD