Logo

মায়ের শখ পূরণে হাতির পিঠে বরযাত্রা, দেখতে জনতার ভিড়

profile picture
জেলা প্রতিনিধি
গাইবান্ধা
৯ অক্টোবর, ২০২৬, ২১:৫৯
মায়ের শখ পূরণে হাতির পিঠে বরযাত্রা, দেখতে জনতার ভিড়
ছবি: সংগৃহীত

মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের সাকিব মিয়া (২৫)। ব্যতিক্রমী এই বরযাত্রা দেখতে পথে পথে ভিড় করেন উৎসুক মানুষ। কেউ দাঁড়িয়ে উপভোগ করেন বিরল এ দৃশ্য, আবার কেউ মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করে স্মৃতি ধরে রাখেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রাম থেকে একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে কনের বাড়ির উদ্দেশে রওনা হন সাকিব।

সাকিব মিয়া তিলকপাড়া গ্রামের ছায়েদ আলীর ছেলে। তাঁর সঙ্গে বিয়ে হচ্ছে হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তারের।

বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখা এবং মায়ের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতেই হাতির পিঠে চড়ে বরযাত্রার আয়োজন করেন সাকিব।

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্থানীয়রা জানান, সাধারণত বিয়ের বরযাত্রায় ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল কিংবা ঘোড়ার গাড়ি দেখা যায়। তবে সাকিবের বরযাত্রায় ছিল ব্যতিক্রমী আয়োজন—হাতি। হাতির পিঠে চড়েই কনের বাড়ির পথে যাত্রা করেন তিনি। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে।

বিজ্ঞাপন

তিলকপাড়া থেকে হিংগারপাড়ার দিকে বরযাত্রা এগিয়ে যাওয়ার সময় সড়কের বিভিন্ন স্থানে মানুষের জটলা দেখা যায়। হাতির পিঠে বরকে দেখতে পথচারী ও স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে পড়েন। অনেকেই মুঠোফোনে সেই দৃশ্য ধারণ করেন। পুরো পথে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে এই ব্যতিক্রমী বরযাত্রা নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। তবে আয়োজনটির পেছনে রয়েছে মায়ের প্রতি ছেলের ভালোবাসা ও শ্রদ্ধার গল্প। জীবনের গুরুত্বপূর্ণ দিনে মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সাকিবের এই উদ্যোগ পারিবারিক আবেগের বিশেষ প্রকাশ হয়ে উঠেছে।

বর সাকিব মিয়া বলেন, ‘বিয়ে জীবনের একটি বিশেষ দিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে চেয়েছি। মা আমার জন্য অনেক কষ্ট করেছেন। তাঁর ছোট্ট একটি ইচ্ছা পূরণ করতে পেরে আমারও ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন নতুন জীবন সুখে-শান্তিতে কাটাতে পারি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাম প্রকাশে অনিচ্ছুক সাকিবের মা বলেন, ‘ছেলের বিয়েকে ঘিরে আমার অনেক দিনের শখ ছিল, সে যেন হাতির পিঠে চড়ে বিয়ে করতে যায়। আমার সেই ইচ্ছা পূরণ হবে, এটা ভেবে খুব ভালো লাগছে। মা হিসেবে সন্তানের বিয়েতে অনেক স্বপ্ন থাকে। সব স্বপ্ন হয়তো পূরণ করা সম্ভব হয় না, তবে ছেলের সহযোগিতায় আমার এই শখ পূরণ হতে যাচ্ছে। এতে আমি খুবই আনন্দিত। ছেলের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।’

বিজ্ঞাপন

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সিপন বলেন, মায়ের শখ পূরণ করতে হাতির পিঠে চড়ে সাকিবের বিয়ে করতে যাওয়ার বিষয়টি সত্যিই ব্যতিক্রমী। এমন উদ্যোগ সুন্দর একটি বিষয়। নবদম্পতির জীবনের সাফল্য কামনা করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD