বিদ্যালয়ের ভেতরে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। তদন্ত করে প্রতিবেদন জমা দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) সকালে এ নির্দেশ দেওয়া হয়। বিকেলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তিতে জড়ানো দুই শিক্ষক হলেন প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মঙ্গলবার সন্ধ্যার পর বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। একপর্যায়ে ঘটনাটি শিক্ষা বিভাগের নজরে আসে। বুধবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
বিজ্ঞাপন
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ভেতরে শিক্ষকদের এমন আচরণ অসদাচরণের শামিল। পারিবারিক বিরোধ বিদ্যালয়ে নিয়ে আসা কোনোভাবেই ঠিক নয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে লিখিত ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালে আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয়। তাদের এক মেয়ে উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। প্রায় ১৪ বছর ধরে তারা আলাদা থাকেন। এ নিয়ে আদালতে মামলাও চলছে। দুজনই ২০১১ সালের দিকে ওই বিদ্যালয়ে যোগ দেন।








