গোমতীতে ডুবে নিভে গেল পঞ্চম শ্রেণির ছাত্রের প্রাণ

কুমিল্লার তিতাস উপজেলায় গোমতী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. তাহসিন (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত দুলারামপুর গ্রামের মো. আনোয়ার সিদ্দিকের ছোট ছেলে। সে দুলারামপুর রেডিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তাহসিন গোমতী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় তাহসিনের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সী এই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোক ও বেদনার পরিবেশ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন








