Logo

ধুনটে ৫ কৃষকের মরিচের ক্ষেত নষ্ট, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

profile picture
উপজেলা প্রতিনিধি
ধুনট, বগুড়া
১৭ অক্টোবর, ২০২৬, ১৮:৫৫
ধুনটে ৫ কৃষকের মরিচের ক্ষেত নষ্ট, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়সিং গ্রামে পূর্ববিরোধের জেরে পাঁচ কৃষকের মরিচের ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

এ ঘটনায় ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কৃষক মো. তবিবর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ভোর সাড়ে সাড়ে ৬টার দিকে মো. সাজ্জাদুল ইসলাম, মো. হাদি ও তাঁদের সহযোগীরা প্রায় ৩৬ শতক জমিতে ঢুকে মরিচের চারা উপড়ে ফেলেন। এতে তাঁদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে ভিডিও বক্তব্যে কৃষকেরা ফলন ও বাজারমূল্য হিসাব করে ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা বলে দাবি করেন।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত কৃষক সুরুজ ও সুরত মণ্ডল বলেন, মরিচ চাষই তাঁদের জীবিকার প্রধান অবলম্বন। তাঁদের আর কোনো জমি নেই। ক্ষেত নষ্ট হওয়ায় সংসার চালানো নিয়ে তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁদের স্ত্রীরা।

প্রতিবেশী আলেফা ঘটনার তদন্ত করে সঠিক বিচারের দাবি জানান। ভুক্তভোগীদের অভিযোগ, এর আগেও তাঁদের মরিচের ক্ষেত নষ্ট করা হয়েছিল। তবে অভিযুক্ত ব্যক্তিরা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

ঘটনার তদন্তে থানার (এএসআই) এরশাদ আলম অভিযুক্তদের বাড়িতে গেলে তারা পালিয়ে যান বলে জানান।

বিজ্ঞাপন

এ বিষয়ে ধুনট থানার (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD