Logo

তুরস্কের সংস্থার অর্থায়নে কাপাসিয়ায় ৫০ হুইলচেয়ার বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
কাপাসিয়া, গাজীপুর
২০ অক্টোবর, ২০২৬, ১৯:৪০
তুরস্কের সংস্থার অর্থায়নে কাপাসিয়ায় ৫০ হুইলচেয়ার বিতরণ
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে ৫০টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। তুরস্কের সংস্থা Genc UFUK-এর অর্থায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ূবি।

অনুষ্ঠানে তুরস্কের Genc UFUK সংস্থার চেয়ারম্যান আলী সিনেল, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুল হক এবং দুস্থ এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, তুরস্কের Genc UFUK সংস্থার অর্থায়নে কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়ন থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচন করা হয়। পরে নির্বাচিত ৫০ জনের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আয়োজকেরা জানান, শারীরিক প্রতিবন্ধকতার কারণে যাঁদের স্বাভাবিক চলাফেরা কষ্টসাধ্য, তাঁদের চলাচল সহজ করা এবং দৈনন্দিন জীবনে স্বনির্ভরতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। হুইলচেয়ার ব্যবহারের মাধ্যমে উপকারভোগীরা দৈনন্দিন কাজকর্মে আরও সুবিধা পাবেন বলে আশা করছেন তাঁরা।

অনুষ্ঠানে সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ূবি বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। হুইলচেয়ার বিতরণের মাধ্যমে তাঁদের চলাচল সহজ করা এবং দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনাই এ উদ্যোগের লক্ষ্য। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সীমাবদ্ধতা কমানোর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং স্বাভাবিক জীবনযাপনের সুযোগ বাড়াতে সহায়ক হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD